ছোট গল্পের সন্ধানে || কলমে অয়ন


Best Bangla Books to Buy in 2024

#বিশ্বকাপ_ম্যানিয়া#

 


সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল
- বাঙালিরা আজ ফুটবল খেলতে ভুলতে বসলেও সারা বাংলা কাঁপছে বিশ্বকাপের জ্বরে। নিজের দেশের জাতীয় পতাকার রং বলতে গিয়ে একটু থমকে গেলেও ব্রাজিলের বা আর্জেন্টিনার পতাকা কিন্তু সবাই এক চোখেই চেনে। পাড়ার মোড়ে রাজনৈতিক দলের ব্যানার সরিয়ে ঝুলে পড়েছে লম্বা লম্বা পতাকা। হাকিম পাড়ার মাতাল কেষ্ট দা আবার ওটাকে রক্ষা কালী পুজোর অন্নকূটের প্যান্ডেল ভেবে বাটি হাতে বসে পড়েছিল সেদিন। কলকাতা ময়দানের ক্লাব গুলোতে বাঙালির সংখ্যা নগন্য হলেও রবিবারের চায়ের দোকানের আড্ডায় নিজ নিজ দলের জন্যে যা বেট পড়ছে, তাতে মেসি নেইমারের ম্যানেজাররাও লজ্জা পাবে।
- তো দেখতে দেখতেই সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে। এবারের বিশ্বকাপ কে বলা হচ্ছে অঘটনের বিশ্বকাপ। যদিও এখন আর ছোট বড় টিম গুলোর মধ্যে তেমন কোনো তফাৎ নেই। তাও ওই নামেই গগন ফাটানো টিম গুলো হেরে গেলে অন্যেরা এটাকে মেনে না নিয়ে অঘটন বলতেই বেশি পছন্দ করে।
- এই বিশ্বকাপ দেখা শুরু হয়েছিল ১৯৯৪এ। বাড়িতে বাবা এনেছিল নতুন কালার টিভি অনিডা। মজার কথা হল আজকের মত সেইসব টিভি থাকতো না শোবার ঘরে, বরং থাকতো বাড়ির সেই ঘর টায় যেখানে সব থেকে বেশি লোক বসে দেখতে পারবে। মনে আছে সেই বেবেতোর গোল আর সেই বিখ্যাত পোজ, যা দেখেই মর্নিং স্কুলে বেরিয়ে যাওয়া। মনে আছে সেই মারাডোনার মাঠ ছেড়ে বেরিয়ে যেতে যেতে কান্না। রাত জেগে সেই শুরু ফুটবল খেলা দেখার আর ব্রাজিলের সাপোর্টার হয়ে যাওয়ার।
- আর একটা ম্যাচের কথা ভুলব না কোনোদিন, ২০০২ এর ব্রাজিলের সাথে ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল। খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের এলাকায় লোডশেডিং। ল্যান্ড লাইনে ফোন করে করে জানা হচ্ছিল কোথায় পাওয়ার আছে। খেলা দেখার অপশন খুঁজতে খুঁজতে পাওয়া গেলো বাবার এক পরিচিতর বাড়ি যেখানে লোডশেডিং হয়নি। মায়ের রক্ত চক্ষু কে পাশ কাটিয়ে এক গাড়ি লোক নিয়ে বেরিয়ে পরা হল সেই কাকুর বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময়ে জানা গেল এক গোলে পিছিয়ে পড়েছে ব্রাজিল। যদিও শেষ পর্যন্ত রোনাল্ডিনহোর বিখ্যাত ফ্রি কিকে জয় দেখে বাড়ি ফেরা আর মনের কোণে জমিয়ে রাখা বছর বিশেক আগের স্মৃতি। একটা টিভি তে ৩০ জন দেখার থেকে এখন পাশাপাশি দুটো ফোনে আলাদা আলাদা ভাবে জিও সিনেমায় দেখা।
- এভাবেই চার বছর অন্তর অন্তর বিশ্বকাপ হয় আর আমাদের স্মৃতির ঝাঁপি হয় লম্বা। আপনার কাছেও কি আছে এমন কোনো গল্পের ঝুলি, তাহলে এই দেওয়ালে পোস্টাতে পারেন।
©️ কলমে অয়ন
©️ Ayan

রচনার তারিখ: ৪ ঠা ডিসেম্বর ২০২২


Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

Blogger দ্বারা পরিচালিত.