ছোট গল্পের সন্ধানে || কলমে অয়ন

  • বিস্তারিত জানতে ক্লিক করুন

    আনন্দ, উদ্বেগ আর প্রত্যাশার গণ্ডি পেরিয়ে চতুর্থ বারের জন্য অপেক্ষা দায়িত্বের। সেই দায়ভার থেকেই জন্ম এই চতুর্থ সন্তানের। আগের বারের "মৃত্যু রহস্য"র পর ইয়ং ইন্সপেক্টর সৌমিলির ডাক পড়েছে এক জটিল সমস্যার সমাধানে। গ্রাম বাংলার এক সুন্দর প্রকৃতির প্রেক্ষাপটে ঘটে চলেছে অদ্ভুত সব ঘটনা। যাকেই সে সন্দেহের তালিকায় আনছে, হঠাৎ করে সে-ই খুন হয়ে যাচ্ছে। সৌমিলি কি পারবে এই কেস সলভ করতে❓ তারই গল্প বলতে প্রকাশিত হচ্ছে আমার চতুর্থ বই "আই ক্যান্ডি" এবারের কলকাতা বইমেলা ২০২৫ এ ক্লিক করুন

  • বিস্তারিত জানতে ক্লিক করুন

    প্রথম বারের আনন্দ আর দ্বিতীয় বারের উদ্বেগের গণ্ডি পেরিয়ে তৃতীয় বারের জন্য অপেক্ষা প্রত্যাশার। সেই থেকেই জন্ম এই তৃতীয় সন্তানের। আগের বারের "পায়ে পায়ে রহস্য" র সাফল্যের পর ইয়ং ইন্সপেক্টর সৌমিলি সমাধান করে ফেলেছে আরও কিছু জটিল কেস। তারই গল্প বলতে প্রকাশিত হচ্ছে আমার তৃতীয় নতুন গল্পের বই "মৃত্যু রহস্য" এবারের কলকাতা বইমেলা ২০২৪ এ। আশা করি এই বই আমার পাঠকদের আনন্দ দেবে বিশদে জানতে ক্লিক করুন

  • কেনার জন্য ক্লিক করুন

    আজকের দুনিয়ায় টেকনোলজিও যত উন্নত হয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে নিত্য নতুন অপরাধের ধরণ। একজন ইয়ং ইন্সপেক্টর কিভাবে কেসের পর কেসের কিনারা করবে, তারই বেশ কিছু ঝলক থাকবে পাঠকদের সামনে। বিশদে জানতে ক্লিক করুন

  • কেনার জন্য ক্লিক করুন

    মুঠোফোনের দুনিয়ায় আমার প্রথম বই শব্দের স্বরলিপি এনে দেবে একরাশ মুক্ত বাতাস। বিশদে জানতে ক্লিক করুন

  • প্রতি সপ্তাহে নতুন গল্প

    গল্প পড়ার থেকে শুনতে বেশি ভালবাসেন? বাচ্ছারা রাতে ঘুমোতে যাওয়ার সময় গল্প শুনতে চায়? তাহলে দেরী না করে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেলটা, আর বেল আইকন টা প্রেস করতে ভুলবেন না। আসছে প্রতি শুক্রবার রাত ৯ টায়। সঙ্গে থাকুন।

  • #ভোকাট্টা#

    চারপাশের আকাশে শুধু রঙ বেরঙের ঘুড়ি। এখনকার মত নানারকমের ক্যামেরা না থাকলেও ছবি গুলো উজ্জ্বল হয়ে থাকত স্মৃতির মণিকোঠায়। মাঝে মাঝে তারস্বরে চিৎকার, “ভো কাট্টা!

  • #অরণ্যে দুই রাত্রি#

    কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। কিন্তু এই বিগত দেড় বছরের করোনা পরিস্তিতিতে সবার মত তারাও হয়ে পড়েছিল ঘরবন্দি। তাই এখন একটু পরিস্তিতি ঠিক হতেই সবাই আবার বেড়িয়ে পড়েছে কাছে পিঠে। সেই রকমই একটা উইকএন্ড ডেসটিনেশনের কথা

  • কেনার জন্য ক্লিক করুন

    মুঠোফোনের দুনিয়ায় আমার প্রথম বই শব্দের স্বরলিপি এনে দেবে একরাশ মুক্ত বাতাস। বিশদে জানতে ক্লিক করুন


Best Bangla Books to Buy in 2024

নিরুদ্দেশ

নিরুদ্দেশ - বাংলা গল্প

      নিরুদ্দেশ    

অফিস থেকে বেরিয়েই মোটামুটি প্ল্যানটা সেরে নিয়েছিল সৈকত। রিমঝিমের অনেক দিনের আবদার মেটানোর এর থেকে ভালো সুযোগ আর পাবে না। সামনে তিন দিনের লং উইকেন্ড, আর দুদিন ছুটি নিয়েই ঘুরে আসা যায় বাঙালির দিপুদার পুরীতে। সদ্য কেনা গাড়ির ড্রাইভিং হুইলে বসার লাইসেন্স পেলেও এতখানি রাস্তা পাড়ি দেওয়ার মত কলজের জোর হয়নি। আর তাই ফোন করেছিল পাড়ার সনাতনদা কে।
মাঝবয়সী সনাতনদা পেশায় গাড়ি চালায় না নেশায়, তা বোঝা দায়। ড্রাইভার হিসেবে এবং ভদ্রলোক হিসেবে যতটা বিশ্বস্ত ততটাই অবিন্নস্ত হিসেবি আদব কায়দায়। তাই অনেক সময় খেটে খুটেও ঠিকঠাক টাকা-পত্তর পায় না। আবার কখনো কাজের জোগান থাকলেও, কোথায় যে নিরুদ্দেশ হয়ে যায় বাড়ির লোকও তার পাত্তা পায় না। এই সনাতনদার আবার কোন নেশা ভানের স্বভাব নেই, তা যেন ড্রাইভারি লাইনে দৈত্য কুলে প্রহ্লাদ এর মত ব্যাপার। তো সনাতনদাকে ফোন করাতে বলল, “ তোমার কোন চাপ নেই ভায়া। লাইফে বোধহয় একশো বার কলকাতা পুরী করেছি। তোমাদের দুজনকে নিয়ে যাওয়া আসা ছাড়াও লোকাল সাইট সিনের গাইডের কাজও করে দিতে পারব। তাহলে কি তোমার বাড়ি গিয়ে গাড়িটা একটু ধুয়ে মুছে রাখবো নাকি?”
তক্ষুনি ওর উৎসাহে কিছুটা জল ছিটিয়ে বিরত করি গাড়ি পরিষ্কার করতে, পাছে পুরো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যায়। মোটামুটি থাকা খাওয়া ছাড়া ওর সাথে গাড়ি ভাড়া বাবদ টাকার ব্যাপারে রফা হয়ে যায়। ফেরার পথে কিছু স্ন্যাকস আর ড্রাই খাবার দাবার নিয়ে বাড়ি ফিরল সৈকত।

সব কিছু শুনে রিমঝিমের তো আর মনে আনন্দ ধরে না, কিন্তু ম্যাডাম মুখে বললেন, “হঠাৎ করে এরকম প্ল্যান করলে, বাবা মাকে না নিয়ে যাবে। এটা কি ঠিক দেখাবে?” রিমঝিম আসলে আজকালকার গড়পরতা মেয়েদের তুলনায় অনেকটাই পারিবারিক। তাই শ্বশুর শাশুড়িকে চেষ্টা করে সব সময় আগলে রাখতে। ঘোরাঘুরির সময় সঙ্গে নিয়ে যেতে। সৈকতের তাতে আপত্তি না থাকলেও সব সময় এই প্রচেষ্টা মেনেও নিতে পারে না সে। তাতে ওদের নিজেদের জন্য নিজস্ব সময় যে বেশ কিছুটা ব্যয় করতে হয়। রিমঝিমের সাথে এই নিয়ে মাঝে মাঝে খিটিমিটি লাগে সৈকতের। তবে এবার আর বেশি কাঠ খড় পোড়াতে হয় না।

বাবা নিজেই আপত্তি জানায় সোমবার কিছু ব্যাংকের জরুরী কাজের অছিলায়। যদিও বাবার ব্যাংকের জরুরী কাজ বলতে হয় পাস বুক আপডেট, না হয় কেওয়াইসি জমা দেওয়া। তবে এবার মনে হয় বাবা ইচ্ছে করেই সৈকতের মনের কথা বুঝতে পেরে গিয়ে ওদের একটু স্পেস দিতে চাইলো। মনে মনে ভাবল সৈকত, “আফটার অল বাপ বাপই হতে হ্যয়।”

ঘড়িতে ভোর ছটা। একটু আগেই বেল বাজিয়ে খবরের কাগজটা বারান্দায় ছুঁড়ে দিয়ে গেছে রতন। রেডি হয়ে প্রায় বেরোতে যাবে আবার বেলটা বেজে উঠল। সৈকত গেটটা খুলে দেখে, পাশের বাড়ির বিকাশ জেঠু। “কিরে, নতুন গাড়ি কিনে জেঠুকে একবারও ঘুরতে নিয়ে গেলি না। আর এদিকে দুজনে ভোর ভোর উঠে পালিয়ে যাচ্ছিস।”
“আরে পালিয়ে কোথায় যাচ্ছি জেঠু, এই দুদিন ছুটি আছে বলে তোমার বৌমাকে নিয়ে একটু জগন্নাথ দর্শন করতে যাচ্ছি। তোমার জন্য কাকাতুয়ার জিভেগজা আনব তো? ভয় নেই জেঠিমাকে বলবো না তোমার ওই কার্তিকের দোকানে বিকেলে বসে বসে জিভেগজা সাঁটানোর কথাটা।” শুনে জেঠু একটু বিমর্ষ হয়ে ওদের সাবধানে যাবার উপদেশ দিয়ে হাঁটতে বেরোলেন।
কিছুক্ষণ পরেই সনাতন দা একদম ফিটফাট হয়ে হাজির। মুহূর্তে সব গাড়ির দিকে তুলে নিয়ে ওরা যাত্রা শুরু করল পুরীর উদ্দেশ্যে। প্ল্যান মত ঠিক হল প্রথম দিনে হল্ট করা হবে ভুবনেশ্বরে। সময় থাকলে ঘুরে নেওয়া হবে নন্দনকানন আর আশপাশের এলাকা। পরের দিন সকালে যাওয়া হবে পুরীর উদ্দেশ্যে।

এখন এন এইচ সিক্সটিন বেশ সুন্দর। অনায়াসে গতি উঠে যায় একশোর উপরে। তাই সরকার স্পিড লিমিটের গণ্ডিতে বেঁধে দিয়েছে দুর্বার গতিকে। কিছুটা হলেও কমানো গেছে দুর্ঘটনার প্রবণতা। যাত্রাপথ যতই এগিয়েছে ততই মনোরম হয়েছে প্রকৃতি। আর সাথে সাথে সনাতন দার অগাধ জ্ঞান। মাঝে মাঝে বিরক্ত লাগছিল সৈকত রিমঝিমের। যদিও পরিচিত বয়ঃজ্যেষ্ঠ হওয়ার জন্য ওরা কিছু বলে না। নির্দিষ্ট দিনে পৌঁছে যায় সমুদ্র সৈকতে। এটাই ছিল ওদের পুরীর হোটেলের নাম। এই কটা দিন নিভৃতে কাটিয়ে ফেলে দুইজনায়। দেখতে দেখতে এসে যায় ওদের ফেরার দিন।

কাল সকালে ওদের বাড়ি ফেরার পালা। রিমঝিম বলে, “সত্যিই সেই হানিমুনের পর এবার বোধহয় প্রথম দুজনে ঘুরতে এলাম। তোমার কথা না শুনলে খুব মিস করতাম।” সৈকত বলে, “এই কটা দিন আমাদের জীবনের অক্সিজেন। আবার ফিরে গিয়ে সেই এক দৈনন্দিন জীবন।”

পর দিন ভোরবেলা মোটামুটি দুজনে রেডি। হোটেলের ম্যানেজারকে আগে থেকে বলে রাখায় ওদের জন্য প্যাক ব্রেকফাস্টের ব্যবস্থা করে রেখেছে। কিন্তু পাংচুয়াল সনাতনদার কি হল? এখনো এসে পৌঁছয় নি কেন? অন্য দিন তো আধঘন্টা আগে এসে গাড়ি ফাড়ি পরিস্কার করে ওদের হাঁকাহাঁকি করে। ম্যানেজারকে জিজ্ঞাসা করাতে বলল, “ওই সামনের দিকের ড্রাইভার্স ডরমেটরিতে আছে আপনাদের ড্রাইভার। একবার গিয়ে দেখতে পারেন।”

ওখানে গিয়ে সৈকত পড়লো মহা বিপদে। ডাকাডাকি সত্বেও সনাতনদার ঘুম কিছুতেই ভাঙ্গে না, যেন পুরো অচৈতন্য। একটু স্পর্শেই বুঝল, পুরো নিস্তেজ। জলের ঝাপটায় সংজ্ঞা ফিরলেও কেমন যেন চোখ মুখ অসাড়। ম্যানেজারকে বলাতে একটা গাড়ির ব্যবস্থা করে লোকাল হসপিটালে একবার নিয়ে যেতে বলল। ততক্ষনে হোটেলে থেকে চেক আউট হয়ে গেছে। রিমঝিমকে হোটেলের রিসিপশনে বসিয়ে সৈকত ছুটল হসপিটালে। সরকারি হাসপাতালে আউটডোরের টিকিট করিয়ে ডাক্তারকে একটুখানি রিকোয়েস্ট করল গাড়িতে এসে পেশেন্টকে দেখে দেওয়ার।
অনেক টালবাহানার পর প্রায় আধ ঘন্টা কেটে গেছে। ফোনে এক বন্ধুর সাথে ইতিমধ্যেই পরামর্শ সেরেছে সৈকত। তার কথামতো অ্যাম্বুলেন্সেরও একটা ব্যবস্থা করেছে। আর ফোন করেছে সনাতন দার বাড়ির লোককে। সনাতনদার ছেলেটি সদ্য কলেজে ঢুকেছে। খবরটা শুনেই বেরিয়ে পড়েছে ওখানকার উদ্দেশ্যে। ইতিমধ্যে খানিকটা দয়াপরাবশ হয়ে লোকাল ডাক্তার বাবু ফাইনালি সৈকতের সাথে এলেন গাড়ির কাছে। গাড়ির ড্রাইভারটা বনেটের পাশে বসে মনের সুখে বিড়ি খাচ্ছে। ডাক্তার বাবু নাড়ি দেখে বললেন, “হি ইজ নো মোর।”

শুনে কিছুটা যেন ভেবলে গেল সৈকত। এইমাত্র বাড়ির লোককে খবর দিয়েছে যে লোকটা বেঁচে আছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারে না সে। এদিকে রিমঝিমও অস্থির হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্সের লোকটা এসে বলছে দাদা কখন যাবেন। তাকেই বা কি বলবে সৈকত? পেশেন্ট এখন ডেড বডি হয়ে গেছে, অ্যাম্বুলেন্সের বদলে দরকার শববাহী গাড়ি! আর ডাক্তার যা শুনিয়ে গেল এ তো পোস্টমর্টেমের কেস। এবার তো পুরোপুরি ফেঁসে যাবে সৈকত। ইতিমধ্যেই মাছিরা ভনভন করতে শুরু করে দিয়েছে চারিদিকে। কেউ বলছে দাদা আপনাকে তো থানায় যেতে হবে। ড্রাইভারটাও এক্সট্রা হাজার খানেক টাকা চাইছে। ডেড বডি আছে, তাই ওকে নাকি পুরো গাড়িটাই ধুতে হবে। সৈকত পুরোপুরি পাস্‌ল। ইতিমধ্যে যেন ভগবানের দূতের মতো উদয় হয় এক হাসপাতাল কর্মচারীর। সৈকতকে আড়ালে নিয়ে গিয়ে বলে ওর সাথে ভিতরে যেতে। লোকটার কথায় কি যেন একটা ছিল। অগ্র পশ্চাদ না ভেবে লোকটার পিছু ধরে সৈকত। ভিতরে কারো সাথে কথা বলে একটা ট্রলি বেড নিয়ে বেরিয়ে আসে সে। তারপর ওকে নিয়ে আবার যায় গাড়ির কাছে। সৈকতের সাহায্য নিয়ে বডিটাকে বের করে নিয়ে আসে ট্রলিতে। তারপর ঠেলতে ঠেলতে ঢুকিয়ে দেয় ভিতরে। পিছন পিছন যেতে যেতে সৈকত বুঝতে পারে পৌছে গেছে মর্গে। কিছু টাকার বিনিময়ে সনাতনদার বডি ঢুকে যায় মর্গের খোপে। একটু আগের জলজ্যান্ত লোকটা কিভাবে যেন পরিণত হয় একটা লাশে। চোখ দিয়ে টপটপ করে জল পড়তে থাকে সৈকতের।

এদিকে সনাতনদার ছেলেও করে চলেছে ক্রমাগত ফোন। কি জবাব দেবে তাকে? ইশারায় কার ফোন জেনে সৈকতের কাঁপা কাঁপা হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয় ওই লোকটা। আর স্বাভাবিক গলায় ফোনের ওপারে জানিয়ে দেয় সেই অমোঘ সত্যি। এরপর সৈকতকে বলে, “আপাতত ঘন্টা তিন চারেক আপনার এখানে কোন কাজ নেই। আপনি বরং হোটেলে চলে যান। আমি আপনার নাম্বারটা নিয়ে রাখছি। ডেথ সার্টিফিকেট দেওয়ার টাইমে আপনাকে ডেকে নেব।

এরপর কেটে গেছে প্রায় চব্বিশ ঘন্টা। হোটেলের ম্যানেজারের ঠিক করে দেওয়া ড্রাইভারকে সাথে নিয়ে ওরা ফিরছে বাড়ির পথে। দেবদত্ত নামের ওই মানুষটিকে ফিরে আসার আগে কিছু টাকা দিতে যায় সৈকত। কিছুতেই রাজি হয় না সে, “বলে, আপনি আমার জায়গার অতিথি। এই জিনিস আপনার রাজ্যে ঘটলে আপনিও কি একইভাবে সাহায্য করতেন না আমাকে?”
খটকা লাগল সৈকতের। সত্যিই কি এরকম নিঃস্বার্থ উপকার করতে পারত সে। ধীরে ধীরে সন্ধ্যে নেমে আসে। ওরা ঢুকে পড়ে রাজ্যের সীমানায়।

©Ayan

রচনার তারিখ: ২১শে জুলাই ২০২৪

বাংলা-গল্প bangla-golpo
#Bengalistories #AyanPaul #shortstories #detectivetales #Bengaliliterature

Share:

জামাইষষ্ঠী

জামাইষষ্ঠী-বাংলা-গল্প

জামাইষষ্ঠী

আজ লালুর বন্ধু শুভর বিয়ে। অনেকদিন ধরেই বন্ধুরা খুব মজা করবে ভেবে রেখেছে। ওদের সবার সেই আইবুড়ো ভাত থেকে নিমন্ত্রণ। ভালোই মজা করছে সবাই মিলে। আজ বিয়ের বাসর রাতে বেশ আড্ডা দেওয়ার প্ল্যান সকলের। এদিকে মেয়ের বাড়ি থেকে যে বিয়েবাড়ি টা ভাড়া নিয়েছে, সেটা খুব একটা জুতসই নয়। সেই পুরনো আমলের পেল্লাই পেল্লাই দরজা। ঠিকমত জানলার পাল্লা গুলোও আটকায় না বোধহয়। এতক্ষন লোকজন ছিল বলে তেমন ঠাণ্ডা টা বোঝা যাচ্ছিল না। এবার খাওয়া দাওয়ার পর বেশ মালুম পড়ছে। আর আজ শীতটাও পড়েছে বেশ জাঁকিয়ে। লালু চিরকালই বেশ সৌখিন প্রকৃতির। এরকম ভাবে বাসর ঘরে বসে থেকে কনের বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার থেকে বাড়ির নিশ্চিন্ত ঘুম টা ওর বড় প্রিয়। শুধু একা একা এখান থেকে কাটলে ব্যাপারটা বেশ বাজে হবে। তার থেকে আর একজন কাউকে সঙ্গে টেনে নিতে হবে। আর তারপর কাল সকালে কিছু একটা ঢপ দিয়ে দিলেই চলবে।
যেই না ভাবার অমনি কাজ। শৌভিকের আবার একটু গলা না ভেজালে উইকএন্ড জমে না। লালু ভাবল, ওকেই পটানো যাক। আড়ালে ডেকে নিয়ে গিয়ে শৌভিককে বাড়ি নিয়ে যেতে রাজি করালো লালু। স্কুটিটা তো ছিলই, এবার ফাঁক তালে কেটে পড়তে হবে।
রাত প্রায় দেড়টা। খানিক বাদে সুযোগ পেতেই দুজনে বেরিয়ে পরে। স্কুটি টা নিয়ে প্রায় নিঃশব্দে উধাও হলো বিয়ে বাড়ির সামনে থেকে। কিন্তু গলির মুখে যেতেই একদল কুকুর ধাওয়া করল ওদের দিকে। যেন নিঃশব্দে বসে ছিল ওদের আসার প্রতীক্ষায়। দুই বন্ধু প্রায় জান হাতে করে আবার মুখ ঘোরালো বিয়ে বাড়ির দিকে। আর একটা শর্টকাট রাস্তা ছিল বাড়ির দিকে যাওয়ার। ধীরে ধীরে সেদিকে যেতেও জুটে গেল আরেক দল কুকুরের পাল। রাতের শহরে পাহারা দেওয়ার জন্য নাকি ওদের দুজনের কবজি ডুবিয়ে মটন খাওয়ার জন্য সারা গা থেকেই গন্ধ পেয়ে আর ছাড়তে চাইছিল না কুকুরের দল। অগত্যা গাড়ি ঘুরিয়ে আবার সেই বিয়ে বাড়ির সামনে। এমন সময় বোধহয় ওই বিয়ে বাড়ির কেউ বাইরে এসে ওদের ওই অবস্থায় রেখে বেশ অপ্রস্তুত। অনেক বুঝিয়ে শুনিয়ে ওদের বিয়ে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে শোয়ার ব্যবস্থা করেন ওনারা। শৌভিক আবার বেশ স্পষ্ট বক্তা। মুখের উপর বলেই বসে, এই ঠান্ডায় এত হাওয়া। এর মধ্যে তো এখানে শোয়া বেশ মুস্কিল। শুনে তো একটু বিরম্বনায় পড়েন ওনারা। শেষমেষ ওই পাড়াতেই থাকা এক আত্মীয়র বাড়িতে ওদের রাতের শোয়ার ব্যবস্থাপনা করে দেন তাঁরা।
সেই থেকেই পরিচয় আর কালের নিয়মে শুভ পরিণয়। শেষ কয়েক বছর ধরে ওই বাড়িতেই জামাইষষ্ঠী খেতে যাচ্ছে লালু। যদিও এভাবে শ্বশুর বাড়ির পাড়ায় আর কোনদিন কুকুরের পাল্লায় পড়েনি সে। মন কে সান্ত্বনা দেয় এই বলে, ওই বিয়ে বাড়ির মটনের মত মটনও খায়নি যে আর।
©Ayan

রচনার তারিখ: ১২ই জুন ২০২৪

বাংলা-গল্প bangla-golpo
#Bengalistories #AyanPaul #shortstories #detectivetales #Bengaliliterature

Share:

ন্যাড়া বেলতলায় ক বার যায়

ন্যাড়া-বেলতলায়-ক-বার-যায়-bangla-golpo

ন্যাড়া বেলতলায় ক বার যায়                              বাংলা-গল্প


- খবর টা দেখেছিস? দেখেছিস তোরা?
গ্রুপে হঠাৎ রাতের দিকে মেসেজ ঢুকেছে। সকালে ঘুম থেকে উঠেই দেখল সোমনাথ। আজকাল দাঁত মাজার আগেই মোবাইল চেক করাটা একটা স্বভাব বা বলা যায় বদভ্যাস। কিন্তু সে কি আর কেউ ত্যাগ করতে পারে, তাতে যতই গৃহ শান্তি বিঘ্নিত হোক না কেন। কেউ কেউ আবার মোবাইল কে নিজের সতীন বলেই দেগে দিয়েছে।
তো যাইহোক, প্রাথমিক জড়তা কাটিয়ে ঘুম জড়ানো চোখেই দেখে, তবু বিশ্বাস করতে মন চায় না।
এটাও কি সম্ভব! চুরির চাকরি চলে যাচ্ছে তাও একটা কথা, কিন্তু এটাও কি হতে পারে?
স্কর্ল করতে করতে গ্রুপে দেখতে থাকে সবার কমেন্ট। সবাই বেশ উত্তেজিত বিষয় টা নিয়ে। এভাবেও যে ভোটের বাজারে জনগণের খেয়াল রাখা যায়, সেটা ভেবে আবার বেশ কিছু গুন মুগ্ধ সাধুবাদ জানাতে লাগল। কেউ বলছে এখন থেকেই নতুন খুঁজতে হবে। কেউ আবার পুরোনো ফোন থেকে নাম্বার খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ আবার বলেছে, এবার রোজ পার্টি। ও পাড়ায় আর না।
হঠাৎ মোবাইলটা ছিনতাই হয়ে গেল নিজের বেডরুমেই। সুজাতা মানে সোমনাথের গিন্নি প্রায় অজান্তেই নজর রেখেছিল ওর ভোরের কার্যকলাপে। আর মনোযোগী চোখে স্কুলের গ্রুপের চ্যাট হাতে পড়লে যে কি হতে পারে, সে যারা ফেস করেছে, তারাই জানে।
কিন্তু সুজাতা এমন মন দিয়ে কি দেখছে?
লাফিয়ে উঠে খাটে বসেই বলল সুজাতা, বাঁচলাম। এতদিনে ভগবান মুখ তুলে তাকিয়েছে। এই রকম গণতন্ত্র সকলেই চায়। এই না হলে সরকার। এবার দেখি সোমনাথ বাবু, কোথায় পালান আপনি।
আমি তো বাবা, ঝাড়া হাত পা। কাউকে পাত্তা দেওয়ার দরকার নেই।
এতক্ষণে সোমনাথ ধরতে পেরেছে কেস টা। একটু টাইম নিয়ে বলল, ভালো করে পড়েছ লেখাটা? আর একবার দেখো তো ভালো করে, লেখা টা তুলে ধরল ওর সামনে।
"২০১০-২০২৪ এর সমস্ত বিয়ে বাতিল।"
আমাদের টা তো ২০০৯ এর ডিসেম্বরে। একটুর জন্য তোমার সুখ টা পণ্ড হল। যদিও একটা অ্যাপিল করতে পারো আর এক বছর বাড়ানোর জন্য।
গোমড়া মুখে মোবাইল টা ছুঁড়ে দিল সোমনাথের দিকে।
সোমনাথ হেসে বলল, আরে মোবাইলটাকে তো আর বাতিল করেনি। একে যত্নে রাখো।
©️কলমে_অয়ন

রচনার তারিখ: ২৫শে মে ২০২৪

বাংলা-গল্প bangla-golpo
#Bengalistories #AyanPaul #shortstories #detectivetales #Bengaliliterature

 

Share:

জিপিএস

GPS-bangla-golpo

জিপিএস                                                                                                                             বাংলা-গল্প

স্টপেজে দাঁড়িয়ে আছে নীল। অফিস ফেরত অ্যাপ শার্টল ধরবে বলে। গাড়িটা সার্ভিসে থাকায় নির্ভর করেছে এর ওপর। অনেকদিন পর দাঁড়িয়ে আছে এই স্টপে। এই জায়গার কত গল্প আছে। এরকমই এক দিনে আলাপ হয়েছিল তিতিরের সাথে। অফিস ফেরত দেখা পাবার জন্যে সে কি ব্যাকুল প্রত্যাশা। প্রথম প্রথম তো টাইম টা ম্যাচ করতে গিয়ে অংশুমান দার কাছে প্রায় ধরা পড়ে যায়। অংশুমান দা তখন টিম লিড, তবে বেশ মাই ডিয়ার লোক ছিল। সব শুনে ওকে ঠিক ইভনিং কল থেকে রেহাই দিত। অবশ্য লোকে তার জন্য বেশ হিংসা করত নীল কে। অনেক কাঠখড় পুড়িয়ে নিজের সাথে লড়াই করে শেষ পর্যন্ত আলাপ জমাতে পেরেছিল। তারপর সময় যে কিভাবে হু হু করে বেরিয়ে যায়।
হঠাৎ পি পি করে মোবাইলে অ্যালার্ট টা আসতেই ঘোর কাটল নীলের। দেখে, শার্টল টা না দাঁড়িয়েই হুস করে বেরিয়ে গেল। গোধূলির আলো গায়ে মেখে এই সুন্দর দিবা স্বপ্নের সমাপ্তি ঘটে এইভাবেই।
অগত্যা, আবার পরের শার্টল টাইমের খোঁজে ফোনে ডুবে যাওয়া। আর এখন অফিস ফিরতি কোনো স্টপেজে অফিস টাইমে দাঁড়ালে একই দৃশ্য দেখা যায়। সবার চোখ আটকে আছে মোবাইলের স্ক্রিনে, জিপিএসের যাত্রাপথে। যে একসময় রাস্তা চেনাতো শুধু, আজকে সে গন্তব্যের অন্যতম হাতিয়ার। জীবনের দাম যতো টা কমে গেছে আর সেই রকমই পাল্লা দিয়ে বেড়েছে সময়ের দাম।
তো সেই মূল্যবান আধ ঘন্টা সময় অতিবাহিত করে ফাইনালি নীল পেল বাড়ি ফেরার দূত। গাড়িতে উঠে ফাঁকা সিট খুঁজতে খুঁজতে শেষের আগের সিট টায় ধপাস করে বডি টা ফেলে নিশ্বাস নিল নীল। টু বাই টু সিটের ধারের সিটটায় বসল ও। এই গরমে প্রায় চল্লিশ মিনিট সেদ্ধ হওয়ার পর গাড়ির এসি টা যেন মুক্তির স্বাদ। চোখ বুজে কয়েক মিনিট তা আস্বাদন করতে লাগল নীল।
-এত বছরেও স্বভাব কিছুই বদলায়নি দেখছি।
এতক্ষণে অনুভব করল পাশের সিটে বসে থাকা বসে থাকা মহিলা কে।
-তুই!!!
-সেই তো দেখছি। স্বভাব একই রয়েছে তোর।
-তাই তো চিনতে পারলি আমায় এতদিন পর, আর ভাব এর জন্যই দূরে সরে গিয়েছিল আমাদের জিপিএস।
-জিপিএস?
-গ্লোবাল পার্সোনাল স্পেস
-তা ছিলি কোথায় এতদিন?
-এই তো, জনতার মাঝে জনতার দরবারে। তুই তো বিদেশে জমিদারি বসিয়েছিলিস, সব ছেড়ে ফিরে এলি কেন?
-যার জমিদারি তে পোদ্দারি করছিলাম, তার সাথেই পোশালো না যে। জানিস, ফিরে এসে তোকে খুঁজেছি অনেক সব সোস্যাল মিডিয়ায়, কিন্তু পাইনি।
-হুম, আমি ওই জগৎ থেকে সরিয়ে নিয়েছিলাম নিজেকে। পাছে তোর খবর পেয়ে ছুটে চলে যাই সাত সমুদ্র তেরো নদীর পাড়ে।
-আর দেখ, আমাদের একযুগ পরে আবার দেখা হল সেই একই যাত্রাপথে।
এমন সময়ে মোবাইল নোটিফিকেশান, এসে গেল নীলের বাড়ির স্টপ। আরো তিনটি পরে ছিল তিতিরের স্টপ। পিছনে না ফিরেই নেমে গেল সে।
তিতিরকে বললো না ওর গোধূলি স্বপ্নের মায়া জালের বিবরণ। একই আঘাতে আর আহত হতে চায় না সে। রাস্তায় নেমে পকেট থেকে সিগারেট টা বের করতে যাবে, পিছন থেকে কে যেন হাত টা টেনে ধরল।
ঘাড় ঘুরিয়ে দেখে, টানা টানা চোখে জল টলমল। সিগারেট টা টেনে ফেলে দিয়ে বলল,
-নাম্বার টা দে। জিপিএস টা কমাতে হবে তো

©️কলমে_অয়ন
রচনার তারিখ: ৭ই এপ্রিল ২০২৪

বাংলা-গল্প bangla-golpo
#Bengalistories #AyanPaul #shortstories #detectivetales #Bengaliliterature

 

Share:

কলিগ কলিং

 

colleague-calling

"কি করো সংসারে আমার জন্যে? একটা রবিবার ও ছুটি পাই না, তারপর আবার তোমার মা তোমার বোনের সাথে তুলনা করে বলে, দেখো আমার মেয়েটা সারাদিন চাকরি করে আসে, ফিরে আবার রাতের খাবার গরম করে।" রাতে ঘুমোতে যাওয়ার আগে অপর্ণা শোনাতে থাকে সুমিত কে।
"ঠিক আছে, কাল আমি সব করে দেবো, তোমায় কিছু করতে হবে না।" তাৎক্ষণিক ঝগড়া থামানোর মোক্ষম দাওয়াই।
কারণ অপর্ণা নিজেই তারপর বলবে, "থাক, অনেক হয়েছে। একটা কাজ করে আমার সারাদিনের কাজ বাড়িয়ে দেবে।"
কিন্তু সেদিন হঠাৎ তিনশো ষাট ডিগ্রি ঘুরে বলে, "ঠিক আছে, তাই ক'রো তাহলে।"
সুমিত যেন চোখে সর্ষে ফুলের ক্ষেত দেখতে পেল। ঘুম উড়ে গেল চোখ থেকে। ভাবতে থাকে কিভাবে ড্রিবল করবে এই পরিস্থিতি কে।
অনেক রাত পর্যন্ত ইলেকট্রনিক্স মিডিয়ায় চলতে থাকে নানান ছকের পরিকল্পনা। শেষ পর্যন্ত সব ব্যবস্থা করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে ও।
সকালে ঘুম চক্ষু খুলেই প্রাতঃকর্ম করতে বাথরুমে ঢুকল সুমিত।
এই সময়ে ফোন এলো রাজা দার থেকে, অফিসের সিনিয়র।
অপর্ণা ফোন টা নিয়ে এসে বলল, কথা বলো, ফোনটা স্পিকারে দিচ্ছি।
পশ্চাদের বেগ আটকে চিৎকার করে বারণ করে সে। কিন্তু তার আগেই স্পিকারে অন হয়ে আসছে রাজা দার স্বর।
"শোন, এখন অপর্ণা আছে তো সামনে, তাহলে শুরু করি তোর শেখানো কথা গুলো। ফোন টা স্পিকারে দে তাড়াতাড়ি।
একটু পজ নিয়ে, "তোকে এখুনি আসতে হবে অফিসে। ক্লায়েন্ট আজই দেখতে চায় প্রেজেন্টেশন। তুই একবার ল্যাপটপ টা খোল তো।"
আবার একটু পজ দিয়ে "ঠিক আছে তো, চলে আয় অলি তে, অনেকদিন পর একটু জমিয়ে বসা যাবে।"
সুমিত বাথরুমে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আর বাইরে অপর্ণা শুধু ফোন টা কাটার আগে বলল, "ধন্যবাদ রাজা দা।"
আজ প্রমিসটা সত্যিই রাখতে হবে দেখছে সুমিত।
©️কলমে_অয়ন

রচনার তারিখ: ১১ই ফেব্রুয়ারী ২০২৪

Share:

চিট ডে

 

cheat-day

মেয়ে স্কুল থেকে এসে সবে হাত মুখ ধুয়ে আসতে গেছে, এর ফাঁকে মেয়ের ব্যাগ থেকে চকোলেট টা বের করে মুখে চালান করে দিল রুমি।
বেশ আয়েশ করে তারিয়ে তারিয়ে চকোলেট টা খাচ্ছে, মেয়ে বাথরুম থেকে বেরিয়ে এসে বলল, "তুমি আবার আমার চকোলেট নিয়ে খাচ্ছ? এমন করলে আর ডায়েট করবে কিভাবে?"
আরে ওসব তো সারা বছরই আছে। আজ একটু ব্রেক নিয়েছি। ওই তোরা যাকে বলিস চিট ডে।" মুখে বললেও ভালই জানে যে এই ব্রেক ফেল হতে হতে বছর শেষ হয়ে যায়। গঙ্গা যমুনায় জলের প্রস্থ ওর নিজের প্রস্থের সাথে ব্যস্তানুপাতিকে কমতে থাকে। কিন্তু তা ব'লে এসবের লোভ কি ছাড়া যায়! রুমির মায়ের কম বয়স থেকেই ডায়বেটিস ছিল আর তাতেই বেচারা সারা জীবন না খেয়েই মরে গেল। আজ নয় কাল ওরও ডায়বেটিস ধরা পড়লে তো বাধ্য হয়েই সব ছাড়তে হবে। স্বামীকে হারানোর পর মেয়ের যে একমাত্র অবলম্বন সে নিজেই।
চকোলেট টা শেষ করে র‌্যাপার টা ফেলতে যাবে, দেখে পিছনে লেখা রয়েছে-
"হ্যাপি চকোলেট ডে টু মাই ভ্যালেন্টাইন"
চোখ তুলে দেখে দরজার আড়াল থেকে মুচকি হাসছে মেয়ে।
দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে রুমি।
©️কলমে_অয়ন

রচনার তারিখ: ৯ই ফেব্রুয়ারী ২০২৪


Share:

বিলুপ্ত

 

bilupto

টেন্ডার প্রোপোজালটা লিখতে লিখতেই কলটা রিসিভ করল শান্তনু।
প্রথমে কিছুক্ষণ হু হু করে কাটিয়ে হঠাৎ সম্বিত ফিরে পেল জয়িতার শব্দবাণে।
"এতক্ষণ ধরে কিছুই শুনছ না তাহলে, কি বললাম বলো দেখি।"
ল্যাপটপ স্ক্রিনে ডিজিট গুলো যেন লাফালাফি করছে আর তার মধ্যে এই বাড়ির জ্বালা। এই জন্যই সেদিন রানা দা বলছিল, "বুঝলে মুকুজ্জে, এই সব কারণেই আমি ওয়ার্ক ফ্রম হোম করি না, তার থেকে বনহুগলি থেকে যাতায়াত করতেও আমি দু পায়ে খাড়া।"
প্রাথমিক জড়তা কাটিয়ে বলি, "বলুন জাহানারা, আপনার কি সেবায় আসতে পারি?"
"যা যা আনতে বললাম, সেগুলো তো কিছুই কানে যায়নি তোর। আপাতত........
"লোন বা ক্রেডিট কার্ড নেবেন"
গলা টা কিরকম পাল্টে গেল মনে হচ্ছে, বুঝলো নিশ্চয় একটা ক্রস কানেকশন হয়েছে। মুহূর্তে দুষ্টু বুদ্ধি ভর করল শান্তনুর মাথায়।
"তোমার ভয়েস টা কি সুন্দর" কথা টা বলল জয়িতা আবার কানেক্ট হয়েছে বুঝেই।
উল্টো দিকে সেই বিভ্রান্ত মহিলা আর কিছু বলার আগেই জয়িতা বলে উঠল "দাঁড়াও দেখাচ্ছি মজা"
"একি, আমি তো তোমাকেই বলছি। তোমাকে কেমন অচেনা লাগছে কেন?"
"স্যার, প্রোপোজাল টা শুনবেন?......." আবার সেই কাতর চাহিদা
"এই বয়সে প্রোপোজ!" দিল কা লাড্ডু সবে ফুটে উঠেছে
"টেক্সট করে রাখছি। মনে করে আনিস।" বলেই ফোনটা কেটে দিল জয়িতা। উধাও সেই মহিলার কন্ঠস্বরও।
প্রোপোজ এর প্রোপোজাল কর্পূরের মত বিলুপ্ত হয়ে গেল এবারের মত।
তবে কাল কিস নে দেখা। 😜
©️কলমে_অয়ন

রচনার তারিখ: ৮ই ফেব্রুয়ারী ২০২৪


Share:

রোজ রোজ কা কাহানী

 roj-roj-ka-kahani



"রোজ রোজ আঙ্খো তালে" শোনাও তো ভায়া
"আর ইউ লুকিং ফর রোজ? হেয়ার আর ফিউ সাইট ফ্রম হুইচ ইউ ক্যান অর্ডার" - মহিলা কন্ঠে উত্তর দিল গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্স
সারাদিন অফিসের পর টিভি তে একটু গান শুনতে গিয়ে একি বিপত্তি! ভাবছি এদেরও প্রোগ্রামিং বিগড়েছে নাকি?
আড়চোখে তাকিয়ে দেখি, বেটার হাফও শুনে ফেলেছেন এই বাণী।
পাশ কাটিয়ে যাওয়ার সময়ে বলল, "গুগলও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একজন কতটা আন-রোমান্টিক।"
অন্ধকার হাতড়ে আজকের দিনটার কথা হঠাৎ মনে পড়তেই বললাম, "দেখলে না কত সুন্দর একটা রোমান্টিক গান শোনাব বলে অর্ডার করলাম গুগল কে, আর ও কিনা নিজের মূর্খামি ঢাকতে....."
ততক্ষণে মোবাইলে খুঁজে নিয়ে চালিয়ে দিয়েছি "রোজ রোজ আঙ্খো".....
এখনো দু ঘন্টা উনত্রিশ মিনিট বাকি আছে দিন টা শেষ হতে, সেরে ফেলুন 🌹
©️কলমে_অয়ন

রচনার তারিখ: ৭ই ফেব্রুয়ারী ২০২৪

Share:

লাল ডায়েরি

lal-diary

সেদিন প্রণাম সারতে গিয়েছিলাম এক আত্মীয়দের বাড়ি। হঠাৎ আসতে চাওয়ার আব্দার করাতে তাড়াতাড়ি গুছিয়ে পরিষ্কার করে ফেলেছিল দু কামরার ফ্ল্যাট টা। চা খেতে খেতে আবিষ্কার করলাম একটা দুর্দান্ত জিনিস, যা ইদানিং কালের বহুল চর্চিত সেই তথাকথিত লাল ডায়েরিকেও হার মানাবে।
জিনিসটা কি? কি বা ছিল তাতে যা এতটাই আকৃষ্ট করেছিল আমাকে?
জিজ্ঞাসা করুন কি ছিল না তাতে!
লক্ষ্মীর মাইনে থেকে তেলের প্যাকেট কাটার ডেট। লেবুতলা বারোয়ারি কে দেওয়া মনসা পুজোর একত্রিশ টাকার চাঁদা থেকে সাধনার ননদের মেয়েকে বিয়েতে দেওয়া শাড়ির দাম। এসবই কারেন্ট মান্থের খতিয়ান। মনের অনুসন্ধানী কৌতুহল কে না দমিয়ে উল্টে ফেললাম আগের পাতা।
ওপরে থাকা নিষ্পাপ পাখির চোখ টা বড়ই করুণ। সে জানেনা কেন তার ডানা থেকে ঠোঁটের ডগা পর্যন্ত ছড়িয়ে রয়েছে অগণিত শব্দ আর সংখ্যার আঁকিবুঁকি।
সেই বোনাস দেওয়ার সংখ্যা থেকে ছেলের পরীক্ষার ডেট, কিছুই বাকি নেই সেখানে।
পাতার পর পাতা উল্টে পাওয়া যাচ্ছে গুপ্তধনের সন্ধান। বৈশাখে কেনা সাড়ে সাত গ্রাম সোনার হিসাব থেকে এফডি ম্যাচিওরিটির ডেট, সব রয়েছে ছড়িয়ে ছিটিয়ে।
মাঝে মধ্যে এত অ্যারো (মানে ওই তীরের মত দিক নির্দেশ আর কি) চারদিকে যে টিভিতে দেখা মহাভারতের সেই যুদ্ধের আবহ মনে পড়তে বাধ্য আপনার। অনেক জায়গায় আবার সংখ্যা লেখা এড়াতে তার পাশেই লেখা রয়েছে বৃত্তান্ত, যেমন নয় এর পাশে হাইফেন দিয়ে (৯ - ) লেখা 'বার পটি, ওষুধ নিয়েছি' ----
সত্যি বলছি, এটার মানে বুঝতে সত্যি বেশ বেগ পেতে হয়েছিল।
চমক ভাঙল ওঁর ডাকে।
"এমন মন দিয়ে ক্যালেন্ডারে কি দেখছিস রে শুভ?"
ভাবলাম বলি, এই সৃষ্টি মিউজিয়ামে স্থান পাওয়ার বস্তু। এখানে অযত্নে পড়ে রয়েছে। কিন্তু প্লেটের ফিস ফ্রাই টা দেখে মনকে অল্প বকে দিয়ে মুচকি হেসে বললাম, "এই যে সামনে কবে অমাবস্যা আছে চেক করছিলাম।"
উনি বললেন, "কালকেই তো কালীপুজো। আর তুই এখনও অমাবস্যা খুঁজে বেড়াচ্ছিস। নে, খেয়ে নে।"
• সব চরিত্র কাল্পনিক। জাগতিক বা মহাজাগতিক কারোর সাথে মিল থাকলে তা নেহাতই কাকতালীয়। তবে আপনার সংগ্রহে সেইরকম কিছু থাকলে তার ছবি শেয়ার করতে পারেন। তাতে সকলেই নিজেদের জ্ঞান বাড়াতে সমর্থ হবেন।
©️কলমে_অয়ন

রচনার তারিখ: ১২ই নভেম্বর ২০২৩


 

Share:

গান্ধী জয়ন্তী

gandhi-jayanti

আজ ছুটির দিন। পুজো কাছে এসে গেছে। অনেকদিন ধরেই যাব যাব করে আর পুজোর মার্কেটিং করতে নিয়ে যাওয়া হচ্ছিল না গিন্নিকে। তাই বৃষ্টি মুখর আজকের দিনটাকেই টার্গেট করলেন অমুক বাবু। কারণ বৃষ্টিতে দোকান গুলোতে ভিড় থাকার সম্ভাবনা কম। আর গিন্নিও যেতে চাইবে না সঙ্গে। এখনও যদি কারোর মনে প্রশ্ন থাকে, দ্বিতীয় কারণটা কিভাবে সাহায্য করবে অমুক বাবু কে! তাহলে বলাই বাহুল্য যে প্রশ্নকর্তা এখনও নারী সঙ্গে (স্ত্রী হোক বা বান্ধবী) বঞ্চিত।
ব্যাপারটা হল যুগলে গেলে একটা জিনিস ছত্রিশ রকম ভ্যারাইরি দেখে চয়েস করলেও আবার কেনার ঠিক আগের মুহূর্তে প্রথম জিনিসটা দেখানোর বায়না করবে দোকানদারের কাছে। আর ওনারাও হাস্য মুখে দেখাবেন সদ্য ভাঁজ করে তুলে রাখা শাড়ি বা পছন্দের আইটেমটা। এক এক সময়ে মনে হয় এরা যেন সেই স্বর্গের দেবতাদের মত ধৈর্য্যর পরীক্ষা দিচ্ছেন প্রতিনিয়ত, কলি যুগের অপ্সরাদের সামনে। আর এই সব ঘটনার ঘন ঘটায় কি করে যে ঘন্টা পেরিয়ে যায় বোঝা যায় না। তাই তো এরকম ডজ দিয়ে বৃষ্টি কে মাথায় নিয়ে বেরিয়ে পড়া।
তো অমুক বাবু একটা ঝাঁ চকচকে মলে এসে সবে প্রথম দোকানে ঢুকতে যাবেন, সিকিউরিটি টা ছুটে আসে ঘাড়ের কাছে। ওনার তো প্রায় এই যায় কি সেই যায় অবস্থা। আদ্যপান্ত সাদামাটা অমুক বাবু বুঝতে পারার আগেই সে ধমক দিয়ে বলে, বন্ধ করুন। কিছু বুঝতে না পেরে উনি তখনই ওই দোকান থেকে বেরিয়ে যান। মনে মনে আজকের দিনের মত "বুড়া মাত্ শুনো" র উপদেশ মাথায় নিয়ে এগিয়ে যান পরের দোকানে।
বেশ কয়েকটি জিনিস পছন্দ হয়েছে এমন সময়ে দেখেন, উল্টোদিকে শপিং করতে থাকা মহিলা ওনাকে ইশারায় কি সব বলছেন। মাঝে মাঝে চোখ মারছেন আর...না না, অমুক বাবু সেইরকম লোক নন যে বউকে আনেননি বলে যা ইচ্ছে তাই করবেন। যদিও এখনও নিজের গ্ল্যামার আছে ভেবে মনে মনে একটু উৎফুল্ল। কিন্তু ওই মহিলার ভাব গতিক সুবিধার লাগছে না। ওনার দিকেই তো করছেন সেই একই ইশারা। না, আর বিলম্ব না করে "বুড়া মাত্ দেখো" র উপদেশ মাথায় রেখে অমুক বাবু বেরিয়ে পড়লেন ওই দোকান থেকেও। কার যে মুখ দেখে বেরিয়েছিলেন আজ, মূল উদ্দেশ্য যে বিফলে যেতে বসেছে।
দূর, এইসব জায়গায় কিছু পাবে না ভেবে অমুক বাবু বেরিয়ে পড়লেন পাড়ার বাজারের দিকে। টোটো তে উঠতে যাওয়ার আগে বেশ খিদে লেগেছে। বাইরের চাট পাপড়ির দোকানে এসে কিনে নিলেন এক প্লেট। খেতে খেতে বাজারে পৌঁছাতেই শুরু হয়েছে আবার তুমুল বৃষ্টি। আর সেই সুযোগ নিয়ে নামার সময়ে টোটোর ছেলেটা দশ টাকার বদলে চেয়ে বসে কুড়ি টাকা। মাথাটা আর ঠিক রাখতে পারেন না অমুক বাবু। দিনে দুপুরে ডাকাতি করছ যে তুমি। এভাবে রোজগার করলে সেটা কোন ফাঁক দিয়ে যে গলে যাবে বুঝতেও পারবে না।
ছেলেটা বলে ওঠে, "কাকা, এভাবে দরজা ওপেন রাখলে ডাকাতি তো হবেই।"
মুখ থেকে দুটো বাজে কথা বেরিয়ে যাচ্ছিল অমুক বাবুর। তারপর "বুড়া মাত্ বোলো" র উপদেশ মত নিজেকে সংযত করেন উনি।
জিনিসপত্র কিনে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরে সোফায় হেলান দিয়ে গিন্নিকে বলছিলেন আজকের ঘটনা। আর গান্ধীজির দেখানো পথে চলে অমুক বাবু যে কেমন আজ ওনার জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন, সেটাই বেশ গর্বের সঙ্গে বর্ণনা করছিলেন গিন্নিকে। কিন্তু লোকের এই ব্যবহারের কারণ বোঝেননি উনি।
গিন্নি কটমট করে তাকিয়েই বলল, "এমন ভাবে প্যান্টের চেন খুলে বিশ্ব দূষণ করে এলে কেউই যে তোমার শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করবে না বাবা।"
চটপট দরজা বন্ধ করেন অমুক বাবু।
©️কলমে_অয়ন

রচনার তারিখ: ২ রা অক্টোবর ২০২৩


 

Share:

দেওয়া নেওয়া

 

deoya-neya

ফেরার টাইম হয়ে গেছে, এখনো এলো না মেয়েটা। রোজ এই সময়ে জানলার পাশে ঘেঁষে বসে। উঁকি মেরে দেখে গলিতে ঢুকল কিনা। শারীরবৃত্তীয় প্রবৃত্তি গুলো আজ টাইম টেবিলে বন্দি। এত বড় হয়ে গেছে, এত দিন ধরে চাকরি করে একা হাতে সংসার টাকে ধরে আছে মেয়েটা, তবুও আশঙ্কা যায় না সুবীরের। আর যা দিনকালের অবস্থা আজকাল, বাড়িতে না ফেরা পর্যন্ত নিশ্চিন্ত হওয়া যায় না। আগে যদিও সময়ে অসময়ে ফোন করে খবর নেওয়া যেত, কিন্তু যতদিন এই টাচ ফোন দিয়েছে কি যেন বলে ওরা, স্মার্ট ফোন না কি! এটা আরো অসহ্য হয়েছে ওর। আর তার ওপর মেয়েও আজকাল পছন্দ করে না ওই সব সময়ের তদারকি। তাই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছে।
একবার ওর জন্মদিনে মেয়েই দিয়েছিল এটা। ততদিনে ওর মা গত হয়েছে। বাপ মেয়ের এইসব আহ্লাদি মুহূর্ত দেখে যাওয়া হয়নি ওর মায়ের। আগে চিরকাল মেয়েকে আগলে রাখতে সোহাগের থেকে ওর বজ্র আঁটুনি ছিল যে মা মেয়ের চক্ষুশূল। সামনে রাগ দেখালেও বাবা না থাকলে মা কে সমঝে চলত মেয়ে। পাছে দু চার ঘা পড়ে যায় পিঠে, কারণ সেই সময়ে বাঁচানোর জন্যে বাবা যে থাকত না আশেপাশে। আর আজ পঙ্গু বাবার একমাত্র অবলম্বন সেই মেয়ে।
তখনও চাকরির অবসরের বছর দশেক বাকি। অফিস ফিরতি পথে একটা অ্যাক্সিডেন্টে পুরোপুরি শয্যাশায়ী হয়ে যায় সুবীর। কিছুদিনের মধ্যে হঠাৎ মারা যায় ওর স্ত্রীও। সদ্য গ্র্যাজুয়েট অন্য মেয়ে হলে হয়তো দিকভ্রান্ত হয়ে যেত। কিন্তু মেয়ে যে তার মায়ের মতই গুণবতী। প্রথমে টিউশন আর সুবীরের সঞ্চয়, তারপর ধীরে ধীরে একটা চাকরি। সাথে পার্ট টাইমে পড়াশোনা চালিয়ে যাওয়া। মাস্টার্স কমপ্লিট করে এখন একটা বড় ফার্মে ঢুকেছে।
এভাবেই মেয়েকে আঁকড়ে বেঁচে থাকা। মাঝে মাঝে নিজেকে বড়ই অকর্মর্ণ মনে হয় সুবীরের। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে, তারপর মেয়েটার মুখের কথা ভেবে নিজেকে সামলে নেয়। কদিন আগে রাগের মাথায় বলা মেয়ের কথা গুলো বুকে বাজে ওর।
"ছোট বেলায় যেমন শাসন করেছো তেমন অনেক উপহারও দিয়েছ। কিন্তু এখন দুটোই আর করার ক্ষমতা নেই তোমার।"
ও বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ বসে ভেবেছে। সত্যি কথাই তো বলেছে মেয়ে। কিন্তু অভিমান কাটিয়ে শিখতে শুরু করেছে জীবনের নতুন ধারা।
আচমকা বেল বেজে ওঠে। কি আশ্চর্য, চাবি থাকে তো মেয়ের কাছে, নিজেই তো খোলে। আজ বেল বাজাচ্ছে কেন? তাহলে কি অন্য কেউ এলো? ভাবনার অবসান ঘটে স্বশব্দে।
"একটু দড়ির আংটা টেনে দরজা টা খুলতে পারো তো।"
"এত দেরী হল যে তোর!"
মেয়েই লোক ডাকিয়ে তৈরি করিয়েছিল এই দড়ি টেনে দরজা খোলার ব্যবস্থাটা এমার্জেন্সি সিচুয়েশনের জন্য। যাক, এইসব এখন বললে আরো খেপে যাবে। আসলে হাত ভর্তি জিনিস নিয়ে ঘরে ঢুকেছে যে।
টেবিলের সামনে সাজিয়ে দিয়েছে বাবার জন্য আনা শার্ট, ঘড়ি আরো কিছু। সঙ্গে দুজনের রাতের খাবার।
হুড়োহুড়ি করে বলে ওঠে, "তাড়াতাড়ি খাবে চলো, খুব খিদে পেয়েছে।"
টেবিলের নিচে থেকে মেয়েকে তুলে নিতে বলে বক্সটা। অনলাইন অর্ডার করার উপায় শিখে সদ্য কিনে আনা স্মার্ট ওয়াচটা তুলে দেয় মেয়ের হাতে।
"হ্যাপি ডটারস্ ডে"
দুজনেই জড়িয়ে ধরে দুজনকে। গড়িয়ে পড়তে থাকতে আনন্দের অশ্রুধারা।
©️কলমে_অয়ন

রচনার তারিখ: ৪ ঠা সেপ্টেম্বর ২০২৩


Share:

আবোল তাবোল ও একশো

 

আবোল_তাবোল_ও_একশো

"আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতুহল ভ'রে" - রবীন্দ্রনাথ ঠাকুর
আপনি বাঙালি কিন্তু আবোল তাবোল পড়েননি এরকম মানুষ মনে হয় নেই। নিজে অনেকে না পড়লেও ছেলে মেয়েকে পড়িয়েছেন নিশ্চিত। আর বাড়িতে একটা আবোল তাবোল নেই সেইরকম বাঙালি বাড়িও বোধহয় মেলা ভার। আবোল তাবোল সুকুমার রায়ের বিখ্যাত "ননসেন্স ছড়া" সংকলন।
আমি তখন প্রথম চাকরি সূত্রে দক্ষিণে, সে কোম্পানিতে ট্রেনিং এর প্রথম তিন চার মাসে চলত টিকে থাকার প্রচেষ্টা। সারা জীবনে যত না পরীক্ষা দিয়েছি, তার থেকে বেশি পরীক্ষা দিতে হত ওই তিন চার মাসে। পাশ করতে না পারলে পরের দিনই মেন গেটের রাস্তা। তাই ওই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মন্ত্র অনুযায়ী চলত ক্লাস-পড়া-পরীক্ষা-রিপিট। আর সেই চাপ মুক্তির কিছু আয়োজনের মধ্যে ছিল অবসরে আমার আবৃত্তি করা। ক্লাস টুয়েলভ পর্যন্ত রীতিমত চর্চা করতাম যে। সেরকমই এক বিকেলে বোধহয় নিজের রুমে করছিলাম সুকুমার রায়ের কোনো এক কবিতা আবৃত্তি, আর তা শ্রুতিগোচর হয় আমার এক কলিগের। সে আবার ছিল অসমের। তাই সব শব্দের মানে না বুঝলেও ভাব খানা বেশ বুঝেছিল সে। রীতিমত রুমে নক করে আরো কিছু ছড়া শুনে তার অর্থ বুঝিয়ে দিয়ে তবে পাই সেদিন নিষ্কৃতি। অনেকদিন পরে সুবিধা মত ওকে দিয়েছিলাম আবোল তাবোল। তাই ছন্দের জাদুকর সুকুমার রায়ের ছড়া যে শুধু বাঙালির মধ্যেই সীমাবদ্ধতা ছিল তাই নয়, দেশ কালের গণ্ডি পেরিয়ে সে পৌঁছে গিয়েছে বহুদূর।
সম্প্রতি চলে গেল সেই বইয়ের শতবর্ষ পালন। উনিশে সেপ্টেম্বর ১৯২৩ সালে ইউ রায় এন্ড সন্স থেকে প্রকাশিত হয় এটি। আর প্রকাশের কদিন আগেই ১০ই সেপ্টেম্বর মারা যান সুকুমার রায়, মাত্র ছত্রিশেই। প্রকাশ কালে তিনি জীবিত না থাকলেও এই বই কোনোদিন আউট অফ প্রিন্ট হয়নি।
তাই সে বড় বাবুর গোঁফ চুরিই হোক বা সৎ পাত্রের খোঁজ, সেঞ্চুরি হাঁকিয়েও আজও অমলিন সে। এভাবেই থেকে যাক প্রজন্ম থেকে প্রজন্মে।
©️কলমে_অয়ন

রচনার তারিখ: ২৩ শে সেপ্টেম্বর ২০২৩
Share:

জওয়ান এক ঝড়

 jawan-ek-jhor


জন্মাষ্টমীতে কৃষ্ণের আবির্ভাবের মত এবারে আবির্ভাব হল জওয়ানের। স্বর্গ মর্ত্য কাঁপিয়ে দেশ বিদেশের বায়োস্কোপে একদিনে প্রায় একশো ত্রিশ কোটির ঝড় তুলে যখন প্রমাণ করেই ফেলেছে যে সারা বিশ্বে ভারতীয় সবথেকে বেশি, মানে ভারতের জনসংখ্যার কাছাকাছি একদিনের কালেকশন হলে তো সেরকমই মনে হওয়া স্বাভাবিক। তখন সাংসারিক শান্তি বজায় রাখার জন্য এই অধমকেও হল মুখী হতে হল ওই কোটির মধ্যে বিন্দু দানের অভিলাষে। বলে রাখা ভাল, আমি ওনার বিন্দুমাত্র হাত পাখা বা ফ্যান নই, আর এটাই জীবদ্দশায় দেখতে যাওয়া দ্বিতীয় (এর আগে একমাত্র চক দে ইন্ডিয়া হলে দেখেছি) অভিযান।
এদিকে যাব তো বলেছি গিন্নিকে, কিন্তু চারিদিকে ত্রাহি ত্রাহি ভাব, টিকিট পাওয়া দুষ্কর। অনেকটা মনে করাচ্ছে করোনা কালে অক্সিজেন সিলিন্ডারের আকাল। এদিকে ফেসবুকে ইন্সটায় যত ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের নোটিফিকেশান আসছে মিউচুয়াল বন্ধুদের থেকে, ততই চাপ বাড়ছে ঘরে বাইরে। শো বাড়ছে ভোর থেকে মধ্য রাত, পাল্লা দিয়ে বাড়ছে সিটের দাম। আর সারা বছর অফারের ঠেলায় ব্যতিব্যস্ত করা মেসেজ সার্ভিস টাও যেন ঝিম মেরে গেছে। সব কটা সাইট ঘুরেও পাওয়া যাচ্ছে না বিশল্যকরণী। লেট নাইট মুভি ডেটের চেষ্টা করতে করতে ফাইনালি বিড়ালের গলায় শিকে ছিঁড়ল আরলি মর্নিং মুভি দেখার সুযোগ। যাই বলুন না কেন, রবিবারের নটার শোয়ে এরকম সিনেমা দেখতে গেলে নিজের কলজের জোর আছে এলেম হয়।
এবার আসা যাক মোদ্দা কথায়। বাণিজ্যিক ভাবে সফল করার সমস্ত মশলা রয়েছে ছবির ছত্রে ছত্রে। আর শুরু ও মাঝের বিরতিতে প্রায় পঁচিশ ত্রিশ মিনিটের দুবার ব্রেক লজ্জায় ফেলতে পারে আইপিএলের ইনিংস ব্রেককেও।
তবে এতে দক্ষিণের ঝারপিট আছে। মানি হেইস্টের আদলে আকাশ কুসুম সমাপ্তি আছে। কমার্শিয়াল গান আছে। প্রেম প্রীতি বিচ্ছেদ আছে। প্রতিশোধ স্পৃহা আছে। জাতীয়তাবাদী স্পিরিট আছে। ফিরে আসার হিন্টও আছে। আর হ্যাঁ, প্রচুর টুইস্ট আছে যা ঘাড়ে ব্যথা করানোর জন্য যথেষ্ট। কিন্তু বিক্রম আর আজাদ নতুন কিছু দিতে ব্যর্থ। যদিও আশাও ছিল না বড়। আসলে শাহরুখ খান ব্যবসা বোঝেন ভালই, তাই বিজয় সেতুপতি নয়নতারার উপস্থিতি জোরদার করেছে দক্ষিণী মেলবন্ধন। তেমনই সুন্দর সামঞ্জস্য রেখেছে দীপিকা সানিয়াদের চিত্রনাট্যের সংযোজন। তবে স্ক্রিপ্ট ভালই, অন্তত একবার হলে দেখে আসতে পারেন। তাতে হাজার কোটির মূলধনে আপনারও অনুদান থাকবে। তবে, এরকম সিনেমা হলে না দেখলে ফিলটা পাবেন না।
তাই, শীঘ্রই যোগাযোগ করুন আপনার নিকটতম প্রেক্ষাগৃহে। নাহলে, এ সমাজ কি আপনাকে মেনে নেবে!! প্রশ্ন টা থাকবেই
©️কলমে_অয়ন


রচনার তারিখ: ১০ই সেপ্টেম্বর ২০২৩
Share:

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

Blogger দ্বারা পরিচালিত.