ছোট গল্পের সন্ধানে || কলমে অয়ন


Best Bangla Books to Buy in 2024

যাত্রাপথের ডায়েরি

যাত্রাপথের ডায়েরি

'ক্যান আই গেট দ্য অফার ফর কলকাতা লোকেশন?' প্রশ্নকর্তা বেশ গম্ভীর মুখে প্রশ্ন করল।
তারপর ফোনের ওপারের উত্তর শুনে বলল, 'ওহ, সার্টেনলি। প্লিজ সেন্ড দ্য মেল অ্যান্ড আই উইল কনফার্ম ইউ ব্যাক।'
গাড়ি চালাতে চালাতেই মৌসম উত্তর দিচ্ছিল। ফোনটা রেখে আমার দিকে তাকিয়ে বলে, 'উফ, হাঁফ ছেড়ে বাঁচলাম। পাঁচটা থেকে ইন্টারভিউটা ছিল, কিন্তু দেরি করতে করতে ঠিক বেরোতে যাচ্ছি, তখনই কল টা করল। যাইহোক, পেয়ে গেছি মনে হচ্ছে। কি মনে হল আপনার?'
যাত্রাপথেই মৌসমের সাথে পরিচয়। ওর গাড়িতে আরো দু-তিনজনের সাথে শেয়ার করতে করতে বাড়ি ফেরা। মার্কেটিং বুলি, কার্বন এমিশন বাঁচাতে সহায়তা করছি। আদতে পয়সা সেভ করে বেশ কিছুটা আরামে ফেরা আর কি।
আমি কি আর বলি। একপেশে কথা শুনে ইন্টারভিউ কেমন হয়েছে জানতে চাওয়াটা কিছুটা ওই ব্রিজ তৈরির আগেই উদ্বোধনের দিনক্ষণ ঠিক করার মত ব্যাপার। তবুও চক্ষু লজ্জার খাতিরে আর শেষের ওই কনফার্ম শব্দের প্ররোচনায় বললাম, 'হম, সে তো বটেই। কিন্ত আপনাদের এখনকার অফিসের মত মেডিক্যাল, পার্কস যেমন তিন বেলা খাবার ইত্যাদি সেইসব পাবেন কি নতুন জায়গায়?' অদূর ভবিষ্যতে ওর ম্যানেজারের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যেই মৌসমকে কিছুটা দ্বন্দ্বে ফেলার চেষ্টা করি। কিছুদিন আগে নিজের টিমের অনেকে ছেড়ে যাওয়ার কষ্ট কি আর সহজে ভোলা যায়। প্রসঙ্গত বলে রাখি এখানে একমাত্র এই কোম্পানিরই এসবের সুনাম আছে, যদিও স্যালারি স্কেল টা মার্কেটের তুলনায় একটু কম।
শুনে ও বলে ওঠে, 'আরে কি যে বলেন। এখানে এরা বিশেষত এইচ আর রা আমাদের মানুষ মনে করে? জয়েন করার সময়ে এক মূর্তি আর তারপর পুরো অন্য রূপ। ঠিক যেন প্রেমিকা আর বউয়ের মত। অনেক হল, আর নেওয়া যায় না বুঝলেন।' তারপর আরো কিছুক্ষণ বলে চলল ওর কিছু দুঃখের কাহিনী আর আমিও হু হা করতে লাগলাম।
আড়চোখে দেখছিলাম, অনেকক্ষণ থেকে পিছনের সিটে বসা একজন বেশ উসখুস করছে। চোখ পড়াতে জিজ্ঞাসা করলাম, 'কিছু বলবেন?'
'আমি ওনার কোম্পানিরই এইচ আর, আর গালাগাল দেবেন না প্লিজ।'
মৌসমের অবস্থা প্রায় ছুঁচো গেলার মত। গাড়িটা সজোরে ব্রেক কষে দাঁড় করিয়ে পিছনের দিকে তাকিয়ে বলল, 'আপনি কিছু শোনেননি কিন্তু দাদা।'
**সব চরিত্র কাল্পনিক, সত্য ঘটনা অবলম্বনে

©️কলমে_অয়ন
রচনা কালঃ ২৪শে ফেব্রুয়ারি, ২০২৩

Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

Blogger দ্বারা পরিচালিত.