ছোট গল্পের সন্ধানে || কলমে অয়ন


Best Bangla Books to Buy in 2024

হাগ ডে

 

হাগ ডে

হোয়াটসঅ্যাপে নোটিফিকেশনটা ঢুকতেই ফোনটা খুলল সুমনা। এই সময়েই রানীর স্কুলের পুল কার ছেড়েছে কি তার আপডেট আসে। সেটা আবার জানাতে হয় মিশ্র মাসি কে। মিশ্র মাসি সেই রানীর আঁতুড় থেকেই এই বাড়িতে রয়ে গেছে কিন্তু এখনও মোবাইলে তেমন সড়গড় নয়। ফোনে মাসিকে কল করে পেল না ও। অনেক সময়েই এটা হয়ে থাকে কিন্তু এই টাইমে কল এলে মাসি বুঝে যায় যে মেয়েকে আনার কল। সেই মতো রেডি হয়ে বেরিয়ে পড়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তাই ফোনে না পেলেও অত ব্যস্ত হয় না সুমনা। একটা মিটিংয়ে যাওয়ার তাড়ায় ফোনটা ডেস্কে ফেলেই চলে গেল কনফারেন্স রুমে।
বার বার ফোন করে দুজনের কাউকেই ফোনে পাচ্ছে না অভি। এই এক জ্বালা আজকাল, আবার পল্টুদাকে জানাতে হবে। কিছুক্ষণ টাইম নষ্ট হবে আজ। ময়না কে নিয়ে একটু বেরোবে ভেবেছিল, তার আর টাইম পাবে না মনে হচ্ছে। সবাই যে দুজনেই চাকরি করে কেন কে জানে। আর চাকরি করুক, কিন্তু বাচ্চার দায়িত্ব টা নেবে তো ঠিক করে।
এইসব ভাবতে ভাবতেই পল্টুদার ফোন। ও ফোনে পায়নি রানীর বাবা মাকে। বলল, কিছুক্ষণ অপেক্ষা করতে বাড়ির কেউ না আসা পর্যন্ত।
ধুর, আবার ময়না কল করছে। আরে সেই সময়ে হঠাৎ দেখা পাড়ার চন্দনদার সাথে। একথা ওকথার মাঝে চন্দনদাই সব শুনে বলে আমি আছি এখানে। তুই যা যেখানে যাবি, এই কিছুক্ষণ আমি ম্যানেজ করে নেব। অভি বলে দেখো কিন্তু, আমার চাকরির ব্যাপার। এইসব জিনিসে পল্টুদার একদম মাথা ভরা রাগ।
মিটিং থেকে ফিরেই সুমনা দেখে গুচ্ছ গুচ্ছ মিসড কল। প্রথমে কল করে মিশ্র মাসিকে, কিন্তু পায় না। তারপর ফোন লাগায় অভি কে। ওকেও ফোনে পায় না। এবার একটু টেনশন হতে থাকে ওর। ফোন লাগায় পল্টুদাকে, কিন্তু উনি জানান অভি আছে ওখানে। কিন্তু অভি কে তো পায় নি ফোনে। ও এরপর ফোন লাগায় সম্রাট কে। সম্রাট ও সবে মিটিং থেকে বেরিয়েছে। ও তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে চায়। কিন্তু সুমনার অফিস কাছে বলে ওকে আসতে বারণ করে।
বেরিয়ে এসেই ট্যাক্সি ধরেই বাড়ির দিকে ফিরতে থাকে। আর কল করতে থাকে অভি কে। ফাইনালি পেয়ে যায় ওকে। কিন্তু ও ওখানে না থাকার কথা বলায় মাথার ঠিক থাকে না সুমনার। যা নয় তাই বলে ওকে। কিন্তু ভিতরে ভিতরে প্রচণ্ড ভয় জড়িয়ে ধরে ওকে। অভি ওকে শান্ত হতে বলে কনফারেন্স কলে নেয় চন্দনদাকে। কিন্তু চন্দনদা এবার বাউন্সার দেয় ওদেরকে। বলে, একজন লোক এসে ওকে বলে নিয়ে গেল ওই সামনের মিষ্টির দোকানে। চন্দনদা ভেবেছে চেনে বাচ্চা টাকে। তাই ওখান থেকে চলে এসেছে।
ট্যাক্সি টা থামার আগেই প্রায় লাফিয়ে নেমে পড়ে সুমনা। ছুটতে ছুটতে যেতে থাকে দেশপ্রিয় মিষ্টান্ন ভান্ডারে। গিয়েই দেখতে পায় রানী কে। ফ্ল্যাটের নিচের আয়রন ওয়ালার ছেলেটার সাথে বসে মিষ্টি খাচ্ছে। সুমনা যেতেই বলে, তোমাদের মাসি বেরোতে গিয়ে পড়ে গেছে গো। তাই আমাকে দেখে ওকে একটু আনতে বলে, মাসি নিচেই বসে আছে বোধহয়।
সুমনার কিছুই কানে যাচ্ছে না। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অবিরাম জল। আর বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে আছে রানী কে।

©️কলমে_অয়ন
রচনা কালঃ ১২ই ফেব্রুয়ারি, ২০২৩
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

Blogger দ্বারা পরিচালিত.