ছোট গল্পের সন্ধানে || কলমে অয়ন


Best Bangla Books to Buy in 2024

ভ্যালেন্টাইনস ডে

 

valentines day

            সেদিন ট্রেন ধরতে গিয়ে দেখি দশ টা দশের লোকাল টা জাস্ট বেড়িয়ে গেল। এই হন্তদন্ত হয়ে এসে মুখের সামনে দিয়ে ট্রেন মিস হয়ে গেলে না ভীষণ বিরক্ত লাগে। একটু এগিয়ে শের্ডের ভিতরে গিয়ে বসতে যাব, পিছন থেকে শম্পাদি প্রায় গায়ের ওপর লাফিয়ে উঠে বলল, "কিরে, আজও ট্রেন মিস করেছিস? তোর বস তো এবার তোকে চিবিয়ে খাবে। আসতে আসতে শুনলাম পরের দুটো মেচেদাও নাকি ক্যানসেল। আমার বাপু ভালই লাগে, এইটুকু সময় ছাড়া তো আর রেস্ট পাই না"। বলেই ধপাস করে বসে পড়ল। নিজের মেদ সর্বস্ব চেহারা নিয়ে নিজেই এত হাসায় যে অন্য কেউ কিছু বলার সুযোগ পায় না।
            মানুষটা কে আমি অত টা পছন্দ না করলেও মুখের ওপর কিছুই বলতে পারি না। কি জানি, বয়সে আমার থেকে কিছুটা বড় বলে? নাকি ওর অল্প বয়সে বিধবা হওয়ার কথা জেনে? ওর প্রতি আমার একটা আলগা আশকারা আছে। আর আমার সাথেই শম্পাদির যত রাজ্যের কথা।
কবে বাড়ির ইলেকট্রিক বিল দিতে দেরি করেছিল বলে বৌদি দু কথা শুনিয়েছে, কবে পাশের বাড়ির মুন্নির পাকা দেখতে আসার সময়ে ওর উপস্থিতি কে বাঁকা চোখে দেখেছে পাড়ার লোকে। আসলে ওর স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়ি থেকে হঠাৎ যখন বিদায় করে দিয়েছিল, তখন থেকেই পড়ে আছে বাপ মায়ের ভিটেতে। তবুও নিজের চাকরির জোর আছে বলে লোকের চোখে চোখ রেখে চলতে পারছে। নাহলে যে কি দশা হত কে জানে। তবুও দাদা বৌদির সংসারে বেরোনোর আগে পর্যন্ত যতটা পারে হাত লাগিয়ে সাহায্য করে আসে।
আমিও অনেককে শম্পাদির অনুপস্থিতিতে উপদেশ দিতে শুনেছি, "সামলে থেকো ভায়া। তোমার ওপর যে নজর পড়েছে তোমাকে বিয়েটা করতে দিলে হয়।" আমি এইসব পি এন পি সি কে পাত্তা দিয় না। আর তাই এই ট্রেন মিস করলে আমার যেন আরো অস্বস্তি লাগে। পাছে আমার জন্যে ওকে কোনো কথা শুনতে হয়।
আজ যেন ট্রেন টা বড়ই দেরি করছে। স্টেশনে যেমন বেড়ে চলেছে ভিড়, পাল্লা দিয়ে বাড়ছে শম্পাদির বকবক। হঠাৎ হাত ধরে বলল, "হ্যাঁ রে? প্রেম করছিস নাকি? এত অন্যমনস্ক? ভ্যালেন্টাইনস ডে'র দিন অফিস কামাই করে অ্যাপো মারার কথা ছিল নাকি রে?" বলেই চোখ মারে মুচকি হাসতে হাসতে।
বলে উঠলাম, "তাতে তোমার এত জ্বলছে কেন? নিজের বয়স তো গেছে, এবার লোকজনের পার্সোনাল জীবনে ঢোকাটা কি বন্ধ করা উচিত নয়?"
হঠাৎ যেন উজ্জ্বল চোখ গুলো মরচে পড়া বাল্বের মত নিভে গেল। আমার চোখের দিকে তাকিয়ে কেমন যেন অবাক দৃষ্টিতে চেয়ে রইল। আমিও ঠিক বুঝলাম না, কেন করলাম এই ঝটিকা আক্রমণ? আমার নিজের প্রেমহীন জীবনের ফ্রাস্ট্রেশনটা ঝেড়ে দিলাম অন্যের ওপর। আরেকবার ওর পাড়ার লোকগুলোর মতই করলাম অপমান।
দুম করে দমকা বাতাস বইয়ে ট্রেন ঢুকল প্ল্যাটফর্মে। সবাই হুমড়ি খেয়ে পড়ল ট্রেনের পেটে ঢুকবে বলে। ট্রেনটা চলতে শুরু হতেই হঠাৎ আর্তনাদ। কেউ বলছে চেন টানুন, কেউ বলছে ভিতরে তুলুন। সহসা একটা হেঁচকি তুলে দাঁড়িয়ে পড়ল ট্রেনটা। আমার মতই যারা প্রায় বাইরের দিকেই ছিল নেমে দাঁড়ালাম পরিস্থিতি বোঝার জন্যে।
প্ল্যাটফর্মে নামতেই পা টা যেন আটকে গেল। ধরাধরি করে বডিটা বের করে আনছে লোকে। চোখ দুটো এক দৃষ্টে খোলা শম্পাদির। যেন আমার দিকেই তাকিয়েই বলতে চাইছে, আজকের দিনে এমন অপমান আর নিতে পারলাম না রে রজত। ভালো থাকিস।

©️ কলমে_অয়ন
রচনা কালঃ ১৪ই ফেব্রুয়ারি, ২০২৩
Share:

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

মোট পৃষ্ঠাদর্শন

এই ব্লগটি সন্ধান করুন

Blogger দ্বারা পরিচালিত.