কি গো? শনি রবিবার গুলো শুধু পড়ে পড়ে ঘুমোবে? একটু ছুটির দিনগুলোতে ঝুল গুলো তো ঝাড়তে পারো নাকি? সারাদিন অফিস বাড়ি সামলাতে সামলাতে আমি আর পারছি না। - বিপ্লব কে হাঁক দিয়ে বলল অভিরূপা
বিপ্লব একটু আড় চোখে দেখে নিল ঘড়ির কাঁটার দৌড় টা। তারপর বলল, সবে তো সাড়ে আটটা বাজে। আজকাল রাতের দিকে মোবাইল দেখতে দেখতে ঘুমের বারোটা বেজে গেছে। আর সকালের দিকে ঘুম ভাঙতেই চায় না। তখন যেন সারা পৃথিবীর ঘুম জড়ো হয়ে আসে। উইক-ডে তে ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়ে অফিসে। অভি কিছু বলার আগেই বিপ্লব হাওয়া। তাই উইকএন্ডে সুযোগ পেলে কিছুতেই বলতে ছাড়ে না অভি। বিপ্লব ভালোবাসে অভিরূপাকে অভি বলেই ডাকে। আর এই ভালোবাসার মোড়কে ল্যাদকে জড়িয়ে প্রতি সপ্তাহেই কিছু না কিছু বাহানায় কাটিয়ে দেয় ঘরের টুকটাক কাজকর্ম।
কিন্তু আজকে ভাবগতিক সুবিধার ঠেকছে না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আজকে মনে হচ্ছে পার পাবে না বিপ্লব। নড়ে চড়ে উঠতে যাবে, টুং করে নোটিফিকেশান ঢুকল হেল্থের অ্যাপ থেকে। একপ্রকার জোর করেই এটাতে সাবস্ক্রিপশান করিয়েছিল অভি।
"বিশ্ব ঘুম দিবসের শুভেচ্ছা, দশ ঘন্টা ঘুম দিন। শরীর সুস্থ রাখুন।"
চটপট স্ক্রিনশট টা অভিরূপার ফোনে চালান করে অভি কে বলল, ফোন টা চেক করে নিও। আর দশ ঘন্টা হলেই ডেকে দেবে কিন্তু। বলেই আবার টুপ করে শুয়ে পড়ল ও।






0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন