"কিরে কেমন আছিস?" দূর থেকে দেখেই ইশারায় জিজ্ঞাসা করল স্বপ্ন। কিন্তু ঠিক পাশ দিয়ে প্রায় না তাকিয়েই বেরিয়ে গেল রক্তিম।
আজকাল এটা আবার নতুন ট্রেন্ড হয়েছে। ফেসবুকে এত লাইক, কমেন্ট, লাভ ইমোজি দেওয়া পাবলিক সামনাসামনি দেখলে আর যেন চিনতেই পারে না। লোকজন বোধহয় ভার্চুয়াল দুনিয়ায় এতই মত্ত, সামাজিক জীবনে আর ভালো মন্দ কুশল বিনিময়ে আগ্রহী নয়।
যাইহোক একটু অবাক হলেও ঘোর কাটাতে কিছুটা সময় লাগে স্বপ্নের। কিন্তু ও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। বিচুটে খচ্চর বন্ধু দেখেছেন তো লাইফে, ও সেই ক্যাটাগরি। একটু থমকে পিছন ঘুরে আবার খুঁজতে থাকে রক্তিমকে।
খানিক খোঁজার পরে দেখতে পায় রক্তিমকে। সাথে আর একজন আছে মনে হচ্ছে। ওর বউই হবে বোধহয়। ওরা একসাথে কোচিং সেন্টারে পড়লেও বিশাল বন্ধুত্ব ছিল না। ওর বিয়েতে নিমন্ত্রণও করেনি স্বপ্নকে। তাই ওর বউকে চেনে না সে। ভাবল এই ফাঁকে আলাপ করে ওর থেকে বিয়ের ট্রিট টা আদায় করে নেবে।
টুক করে ফেসবুকে ঢুকে দেখতে যায় রক্তিমের বউয়ের নামটা। কিন্তু একি!!!!! এ যে অন্য কারোর ছবি। তাহলে কি রক্তিম অন্য কারোর সাথে ঘুরছে বলে স্বপ্ন কে পাশ কাটিয়ে গেল? ব্যাস, এবার তো আর ছাড়বে না স্বপ্ন।
বেশ গম্ভীর হয়ে এগিয়ে গেল ওদের দিকে। তারপর হঠাৎ সামনে উদয় হয়ে বলল, "কিরে রক্তিম, খবর কি?"
রক্তিম ওকে দেখে বলে, "আরে কি ব্যাপার তুই এখানে? কতদিন পর দেখা, আছিস কেমন?"
রক্তিমকে দেখে স্বপ্নর মনে হল না যে ও বেশ বিচলিত হয়েছে। মনে মনে ভাবল, তুমি বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল। ঝপ করে জিজ্ঞাসা করে বসল, "কিরে বৌদি কে বাদ দিয়ে কাকে নিয়ে ঘুরছিস?"
রক্তিম বলল, "আর বলিস না, এই যে আমার শালীকে নিয়ে বেরিয়েছি ওর দিদির জন্মদিনের গিফট কিনতে। কিন্তু তুই তো আমার বিয়েতে আসিসনি, বুঝলি কি করে ও আমার বউ নয়?"
স্বপ্নের প্রায় ছুঁচো গেলার দশা। কোনো রকমে সামাল দিয়ে বলল, আসলে ম্যারেড কাপেলদের মত তোদের হাত ধরাধরি করে ঘুরতে দেখিনি তো! আচ্ছা, আসি তাহলে।"
অন্যকে বাঁশ দিতে গিয়ে নিজের ঝাড়ে এলে তাকে ঝেড়ে ফেলে পালিয়ে যাওয়াই শ্রেয়।
রচনার তারিখ: ১০ই মার্চ ২০২৩






0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন